জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০২:৪৪ এএম, ০১ মার্চ ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, জয়পুরহাটকে একটি বাসযোগ্য ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। মানুষের চাহিদা অনুযায়ী রাস্তাঘাটের উন্নয়নসহ প্রতিটি গ্রামকে বাসযোগ্য করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ টাস্কফোর্স ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল বারী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা, কৃষি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। মাদকমুক্ত, জুয়ামুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে আমরা কাজ করছি।

জয়পুরহাটের কৃষি প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, এ জেলার প্রধান অর্থকরী ফসল আলু। বর্তমানে আলুর দাম কিছুটা কম। আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা এবং সংরক্ষণের মাধ্যমে চাষিদের কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি, এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে এবং স্বল্প সময়ের মধ্যে জয়পুরহাটবাসী এর সুফল পাবেন।

সভায় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মাহফুজ রহমান/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।