যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৯ মার্চ ২০২৬

যশোরে ভেজাল মবিল তৈরির পর সেটি বাজারজাতকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ মার্চ) বিকেলে যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, মবিল তৈরির বিষয়ে এ প্রতিষ্ঠানটির বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদনও নেওয়া ছিল না।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের কর্মকর্তারা জানান, দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার মান্দারতলা বাজারে ‘মেসার্স এসএম লুভ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা

প্রতিষ্ঠানটি বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র ছাড়াই বিভিন্ন ব্রান্ডের নামে (এইচডি-৫০, ২০ডাব্লিউ৪০টি, ২০ডাব্লিউ৫০টি) বোতলজাত মবিল তৈরি করছিল। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে তাদের তৈরি মবিল বোতলজাত করছিল এবং মবিল পরীক্ষা করার মতো কোনো ল্যাবও তাদের নেই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার দায়ে মেসার্স এসএম লুভ-এর মালিক মোহাম্মদ আনোয়ারকে ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য ভোক্তা পর্যায়ে যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে আরও ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিএসটিআই কর্মকর্তা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সদস্য ও র‌্যাব-৬ একটি টিম উপস্থিত ছিলেন।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।