দেশে এলো আমিরাতে ড্রোন হামলায় নিহত সালেহ আহমদের মরদেহ
সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ সিলেটে পৌঁছেছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।
মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এর আগে সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। মরদেহ গ্রহণ করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সৌদি আরবের বিভিন্ন নামিদামি হাসপাতালে সরকারের উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব শ্রমিক ও প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার রয়েছে, ভবিষ্যতেও থাকবে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহমেদ আলীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে। গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ড্রোন হামলায় তিনি নিহত হন। সেখানে তিনি পানিবাহী একটি গাড়ির চালক হিসেবে কাজ করতেন।
নিহতের ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও একই শহরে থাকেন। তারাই পরিবারের সদস্যদের কাছে তার মৃত্যুর খবর জানান।
মরদেহটি সিলেট থেকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে তার বাড়িতে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
আহমেদ জামিল/এসআর/এমএস