দেশে পর্যাপ্ত পেট্রোল-ডিজেল মজুত রয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৯ মার্চ ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিশ্ব পরিস্থিতি বর্তমানে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং যুদ্ধের প্রভাব বিভিন্ন দেশে রয়েছে। তারপরও দেশে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। পর্যায়ক্রমে তা সরবরাহ করা হবে।

সোমবার (৯ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া গেছে- পর্যাপ্ত জ্বালানি থাকার পরও কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে। আবার কেউ কেউ একই গাড়িতে বারবার জ্বালানি নিচ্ছে, যা মজুতের প্রবণতার ইঙ্গিত দেয়। বিষয়টি নজরদারিতে রাখা প্রয়োজন।

সভায় কিশোর গ্যাং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি এখন সারা দেশে একটি বড় সামাজিক সমস্যা হয়ে উঠেছে এবং মাদকের পরই এটি ভয়াবহ আকার ধারণ করছে। এ সমস্যা মোকাবিলায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি স্কুল-কলেজে ভিডিও বা অডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা যেতে পারে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের নানা কার্যক্রমের ভিডিও ক্লিপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং জেলা পর্যায়েও তা বাস্তবায়ন করা হবে।

মাদক সমস্যা সম্পর্কে ইয়াসের খান চৌধুরী বলেন, মাদকের উৎস ও বিস্তার চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ময়মনসিংহ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনে করণীয়-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর।

সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব ও বিজিবির প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।