পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১০ মার্চ ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ার দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীনসহ উভয় পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে আলফাজ উদ্দীন কালু (৬০), রাইপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বকুল হোসেন (৪০), বিএনপি কর্মী খাইরুল ইসলাম (৪৪) এবং রাসেল হোসেনকে (৪২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আলফাজ উদ্দীন কালু এবং খাইরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের পর ইউনিয়ন পরিষদে প্রবেশ করতে পারেননি রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু। তার স্থলে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা সারগিদুল ইসলাম। কিন্তু সারগিদুলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করে আসছেন বিএনপির একটি পক্ষ। শেষ পর্যন্ত বিএনপির ওই পক্ষ গোলাম সাকলায়েন ছেপুকে নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ার দখল করতে যায়। চেয়ার ঠেকাতে লোকজন নিয়ে পরিষদের সামনে অবস্থায় নেন সারগিদুল ইসলামের লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে এলাকার অবস্থা শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

গাংনী থানার ওসি উত্তম কুমার দাশ জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আসিফ ইকবাল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।