মৌলভীবাজারের আলোচিত নারী অপহরণ চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১১ মার্চ ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে অপহরণ চেষ্টার ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কুলাউড়া উপজেলার শ্রীপুর নাছিরাবাদ গ্রামের মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার মো. কাওছার আহমদ (৩৪) এবং গুলবাগ এলাকার জসিম মিয়া (৩৬)।

পুলিশ সুত্রে জানা যায়, এর আগে গত ৮ মার্চ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা বাপ্পি এরিকের মেয়ে ও মো. মাসুদ পারভেজের স্ত্রী ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গল যাওয়ার জন্য কমলগঞ্জের বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এসে তাকে শ্রীমঙ্গল যাবেন কিনা জিজ্ঞাসা করে। তিনি যেতে অস্বীকৃতি জানালে গাড়িটি বারবার সামনে-পেছনে ঘোরাফেরা করতে থাকে।

পরে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে তার বাড়ির রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের একজন নেমে তার মুখ চেপে ধরে ১০-১২ হাত টেনে নিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। এ সময় তিনি ধস্তাধস্তি করে তাদের হাত থেকে ছুটে পালিয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হন।

মৌলভীবাজারের আলোচিত নারী অপহরণ চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩

এ ঘটনায় ফাতেমা পারভেজ নিশির অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।

ঘটনার পর পুলিশের একাধিক টিম সিসি ক্যামরার ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে অভিযানের মাধ্যমে গত ১০ মার্চ সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার আত্মা কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, এই চক্রের সবাই নানা অপরাধের সঙ্গে জড়িত। রমজান মাসে ভোরে বেলা ফাঁকা রাস্তায় মেয়েটিকে একা পেয়ে তারা ধর্ষণের টার্গেট করে অপহরণের চেষ্টা চালিয়েছিল বলে জানা গেছে।

তিনি জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন সস্তা হোটেলে রাত কাটাতো আর এই গাড়িটি ব্যবহার করেই সিলেট অঞ্চলে ঘুরে নানান অপরাধ করে আসছিল। তারা মাদক, চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত জাকির, কাওসার এবং জসিমের বিরুদ্ধে চুরি এবং মাদক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া তাদের দলের পলাতক জাহাঙ্গীরের বিরুদ্ধে ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, পলাতক আসামি গ্রেফতার এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এম ইসলাম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।