ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১১ মার্চ ২০২৬

ডাকাতির মাত্র ৩০ মিনিটের মাথায় ঝটিকা অভিযান চালিয়ে ১৯টি গরুসহ লুণ্ঠিত একটি ট্রাক উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত ৩টা ১০ মিনিটের দিকে মহানগরীর সালনা ফরেস্ট অফিস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সংবাদ আসে যে, ময়মনসিংহের ভালুকা হাইওয়ে এলাকা থেকে একটি শক্তিশালী ডাকাত দল ১৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করেছে। ডাকাতরা ট্রাকের চালক, হেলপার, রাখাল ও গরুর মালিকদের হাত-পা বেঁধে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ফেলে রেখে দ্রুত ঢাকার দিকে রওনা দেয়।

খবর পাওয়া মাত্রই গাজীপুর সদর থানার একটি টহল দল মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ সিগন্যাল দিলেও ডাকাতরা তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে বেতার বার্তার মাধ্যমে অন্যান্য টহল দলকে সতর্ক করা হলে পুলিশের ‘মোবাইল-১১’ নাইট টহল দল ট্রাকটির পিছু ধাওয়া করে।

টানা ধাওয়ার মুখে রাত ৩টা ১০ মিনিটের দিকে সালনা ফরেস্ট অফিসের সামনে ডাকাতরা ট্রাকটি রাস্তার পাশে ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পুলিশ তল্লাশি চালিয়ে ১৯টি গরু অক্ষত অবস্থায় উদ্ধার করে।

ওসি আমিনুল ইসলাম জানান, লুণ্ঠিত গরু ও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনার সাথে জড়িত ডাকাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।