বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়; এটি আমাদের সকলের সরকার। বিএনপি, জামায়াত ও এনসিপি—আমরা সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। বাংলাদেশের ভবিষ্যতের জন্য এবং দেশ পুনর্গঠনে এই সরকারকে সফল করতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বিএনপি, জামায়াত, এনসিপি সকলেই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছিলাম। কাজেই এ সরকার কারও প্রতিপক্ষ নয়, এ সরকার আমাদের সকলের সরকার। এই সরকারের বাংলাদেশের ভবিষ্যতের জন্য দেশকে পুনর্গঠনের জন্য আমাদেরকে সফল করতে হবে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নুরুল হক নূর বলেন, আমরা জিয়াউর রহমানকে পেয়েছি এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই দর্শন, সেই কর্মস্পৃহায় উদ্দীপনায় দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ যদি আমরা সরকারকে সহযোগিতা করি তাহলে তারেক রহমানের নেতৃত্বে বেশিদিন প্রয়োজন হবে না, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ট্র্যাকে তুলতে পারবো।
বর্তমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী নূর বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন পরিস্থিতির যদি অবনতি হয়. তাহলে আমাদের শ্রমিকরা দেশে ফিরলে তাদের কর্মসংস্থান কিংবা তাদের ক্ষতিপূরণ বা তাদের কল্যাণের জন্য মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/জেআইএম