পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা এবং নারী নিয়ে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
এদিকে ঘটনাটি তদন্তে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ছড়িয়ে পড়া দুই মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি লম্বা টেবিল। টেবিল ঘেঁষে চারদিকে চেয়ার সাজানো। চেয়ারে পাঁচ থেকে ছয়জন বসে আছেন। পাশে পুলিশের পোশাকে একজন দাঁড়িয়ে আছেন। কেউ টি-শার্ট, কেউ গেঞ্জি, কেউ পুলিশের পোশাক পরে আছেন। একজনের মাথার ওপরের দিকে কালো চশমা। প্রত্যেকের সামনে টেবিলে একটি করে মানিব্যাগ। টেবিলের চারপাশে বসে আছেন তারা। টেবিলের ওপরে তাস ও টাকা। চেয়ারে বসে টেবিল থেকে তাস নিচ্ছেন। মুখে ১৭, ১৮, ২০ শোনা যাচ্ছে। একটু পর পর মানিব্যাগ থেকে কেউ টাকা বের করে টেবিলের ওপর রাখছেন। কেউ তাস হাতে নিচ্ছেন। টেবিলের ওপর ১০ টাকা, ২০ টাকা, ৫০০ টাকা ও ১ হাজার টাকার অনেক নোট ছড়িয়ে ছিটিয়ে আছে।
চার মিনিট ৩৭ সেকেন্ডের অন্য একটি ভিডিওতে পুলিশ সদস্যকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। ভিডিও দুটি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
এ বিষয়ে শনিবার (১৪ মার্চ) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন মুঠোফোনে বলেন, ফাঁড়িতে তারা টাকা দিয়ে খেলেছে। এটা অপরাধ।
তিনি আরও বলেন, ভিডিওতে আমরা যাদের চিনতে পেরেছি, তাদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আনোয়ার আল শামীম/এমএন/এমএস