আজ থেকে আমরা স্বাধীন: জয়া আহসান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৬ মার্চ ২০২৬
অভিনেত্রী জয়া আহসান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও ত্যাগকে গভীরভাবে স্মরণ করেন।

জয়া আহসান লিখেছেন, ‘১৯৭১ সালের এই দিনে এদেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আজ থেকে আমরা স্বাধীন। পাকিস্তানি শাসকরা আমাদের নিরীহ মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল নৃশংস একটি গণহত্যা।’

জয়া আহসান আরও বলেন, ‘এই নয় মাসে কত না কঠিন আত্মত্যাগ, সাহসী লড়াই, অদম্য স্বপ্নের জয়যাত্রা। মুক্তিযুদ্ধকে, অগণিত শহীদদের, মুক্তিযোদ্ধাদের, সেদিনের স্বপ্ন দেখা এ দেশের কোটি মানুষকে অভিবাদন।’

তিনি উল্লেখ করেন, পাকিস্তানি শাসকদের নৃশংস গণহত্যার মুখেও বাঙালি জাতি মাথা নত করেনি; বরং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে স্বাধীনতা। এছাড়া জয়া আহসান তার লেখায় মুক্তিযুদ্ধের বীর শহীদ, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপ্ন দেখা কোটি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পোস্টটির সঙ্গে তিনি একটি ছবি সংযুক্ত করেন, যা স্বাধীনতা দিবসের আবেগ ও চেতনাকে আরও গভীরভাবে তুলে ধরে। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

প্রতি বছর ২৬ মার্চ বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম, যা নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে বিজয়ে পরিণত হয়।

এমআই/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।