চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৬ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে মানুষের বাড়িঘর।

রোববার (১৫ মার্চ) রাত ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে গোমস্তাপুর উপজেলার প্রায় সব ইউনিয়নে ঘরবাড়ি, গাছপালা ও আমবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিতে রহনপুর পৌর এলাকা ছাড়াও বোয়ালিয়া, গোমস্তাপুর, আলিনগর, পার্বতীপুর, রাধানগর ও চৌডালা ইউনিয়নের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ও আধাপাকা ঘরের টিনের চাল উড়ে গেছে এবং অসংখ্য গাছ উপড়ে পড়েছে। ঝড়ের সময় গাছ উপড়ে পড়ার শব্দ ও ঘরের চাল উড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে ঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর

রহনপুর এলাকার বাসিন্দা মামুনুর রশিদ বলেন, রাতের ঝড়ে অনেকের ঘরবাড়ি উড়ে গেছে। চোখের সামনেই আমার ঘরের টিনের চালা উড়ে যায়। আরও অনেকের বাড়ির টিনের চালা উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকের আলী মুন্সি বলেন, ঝড়ে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি খাতে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।