কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ মার্চ ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণে বাস-ট্রেন সংঘর্ষের পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করেছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টায় কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ‘চট্টগ্রাম মেইল’ ছেড়ে গেছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে টু ডাউন (চট্টগ্রাম মেইল) চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে। ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনা কবলিত এলাকা অতিক্রম করেছে। এরই মধ্যে রিলিফ ট্রেন রওনা দিয়েছে, আশা করছি ঘণ্টা খানকের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ নারী ও তিনজন শিশু।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন। তাদেরকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।