হিজড়া বানানোর অভিযোগে ক্লিনিক মালিকসহ আটক ৪


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৪ জুলাই ২০১৬

যশোরের বসুন্দিয়া মোড়ের মাছ বাজারে মহুয়া সার্জিক্যাল ক্লিনিকে পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক মালিক, ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় এক হিজড়াকে ক্লিনিক থেকে উদ্ধার করা হয়েছে।  

আটকরা হলেন- মহুয়া ক্লিনিকের মালিক খলিলুর রহমান (৪৮), তার ভাই ম্যানেজার হাবিবুর রহমান (৪৫), সেবিকা রাজিয়া সুলতানা ওরফে হাবিবা (২৮)। উদ্ধার হিজড়ার নাম শান্তা (৩৫)। লিঙ্গ পরিবর্তনের পর শান্ত থেকে তার নাম শান্তা রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। বেলা ১১টার দিকে তাদের থানায় নিয়ে আসা হয়। আটক তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বসুন্দিয়া বাজারের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহুয়া ক্লিনিকে পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানো হয়। সম্প্রতি শান্ত নামের এক যুবককে অপারেশন করে ওই ক্লিনিকে হিজড়া বানানো হয়েছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার ওই ক্লিনিকে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। সেই সঙ্গে ওই হিজড়াকে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ক্লিনিকের মালিক খলিলুর রহমান খুবই চালাক। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। এলাকায় দীর্ঘদিন ধরে ক্লিনিক খুলে তিনি মানুষকে সেবাদানের নামে প্রতারণা করে আসছেন। এর আগেও ওই ক্লিনিকে এমন ঘটনা ঘটেছে।

ক্লিনিকে কোনো চিকিৎসক নেই। ভ্রাম্যমাণ আদালত এর আগে ওই ক্লিনিকে অভিযান চালিয়েছেন। তখন মালিক খলিলুর রহমানকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল।  

এদিকে আটক খলিলের স্ত্রী মাহমুদা খাতুন জানান, শান্ত নামের এক যুবক এক বছর আগে অপারেশনের মাধ্যমে পুরুষাঙ্গ কেটে হিজড়া হয়। তার প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার শান্ত মহুয়া ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন।

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, পুরুষাঙ্গ কেটে যুবককে হিজড়া বানানোর ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মিলন রহমান/এএম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।