মুনসের পর লিস্কের শেষের ঝড়ে ইতালিকে ২০৮ রানের লক্ষ্য দিলো স্কটল্যান্ড
ফুটবলের দেশ ইতালির বোলারদের বেধড়ক পিটিয়েছেন স্কটল্যান্ডের ওপেনার জর্জ মুনসে। তার ৮৪ রানের পর ইনিংসের শেষ ৫ বলে লিস্কের ২২ রানে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালিকে ২০৮ রানের বিশাল লক্ষ্য দিলো স্কটল্যান্ড।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইতালি। তবে বোলাররা মোটেই সুবিধা করতে পারেনি। উদ্বোধনী জুটিতেই ১২৬ রান যোগ করে জর্জ মুনসে ও মাইকেল জোনস।
৫৫ বলে ৮৪ রান করে মুনসের বিদায়ে ভাঙে জুটি। ১৩ চার ও দুই ছক্কায় সাজানো ইনিংসটি থামে গ্র্যান্ট স্টুয়ার্টের বলে। বোর্ডে আরও ১০ রান যোগ হতেই স্মাটসের বলে বিদায় নেন অন্য ওপেনার মাইকেল জোনস ৩৭ রানে।
দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ৪৮ রানের জুটি গড়েন ব্র্যান্ডন ম্যাকমুলেন ও রিচি বেরিংটন। আলী হাসানের বলে ১৫ রান করে তিনি আউট হলে ১৮৪ রানে তৃতীয় উইকেটের পতন হয়। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মাত্র ১ রান করে টম ব্রুস আউট হলে ১৮৫ রানে চতুর্থ উইকেট হারায় স্কটিশরা।
তবে শেষ ৫ বলে দুটি করে চার ও ছক্কায় ২২ রান সংগ্রহ করেন লিস্ক। তার সঙ্গে অপরাজিত ছিলেন তিনে নামা ম্যাকমুলেন ১৮ বলে ৪১ রান করে। ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
একটি করে উইকেট পেয়েছেন আলী হাসান, স্টুয়ার্ট, ড্রাকা ও স্মাটস।
আইএন