মাদক মামলায় সাজাভোগ করে ফিরেই পুরোনো কারবারে, ফের ১ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৩ মার্চ ২০২৬

যশোরের অভয়নগরে মাদক মামলায় কারামুক্তির কয়েক দিনের মাথায় ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে আব্দুল হালিম সরদার (৬০) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (রোববার, ২২ মার্চ) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম সরদার উপজেলার রাজঘাট এলাকার গাজীপুর গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজঘাট এলাকার গাজীপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবন ও বহনের দায়ে হালিম সরদার নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। সম্প্রতি একটি মাদক মামলায় এক বছরের সাজা ভোগ শেষে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। বাড়ি ফিরে পুনরায় মাদক ব্যবসা শুরু করার অভিযোগে তাকে আবারও কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ১৬ ধারা মোতবেক এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মিলন রহমান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।