পর্যটকের পদচারণায় মুখর রাঙ্গামাটি-সাজেক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৩ মার্চ ২০২৬

ঈদে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ি জেলা রাঙ্গামাটির বিনোদন কেন্দ্রগুলো।

ঈদের দিন বিকেল থেকে রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পটের পাশাপাশি কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। হ্রদের সুবলং, রাঙ্গা বেইজ ক্যাম্প, চাংপাঙ ও হাজাছড়া বৌদ্ধমূর্তি এলাকায় দেখা গেছে পর্যটকরা বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে রাঙ্গামাটির পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, পর্যটকদের পদচারণায় মুখর ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি। ঝুলন্ত সেতুর পাশ থেকে ট্যুরিস্ট বোট ভাড়া নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এছাড়া পর্যটন হলিডে কমপ্লেক্সের সানরাইজ ইকো পার্কেও অবকাশযাপন করছেন ভ্রমণপ্রেমীরা। সব মিলিয়ে অন্যান্য সময়ের তুলনায় এখন আরও বেশি মুখর হয়ে উঠেছে ঝুলন্ত সেতু এলাকাটি।

এছাড়া রাঙ্গামাটির পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, শিশু পার্ক, লেকভিউ গার্ডেন, আরণ্যক ওয়াটার পার্ক, সামবস্তি ব্রিজ, আসামবস্তি-কাপ্তাই সংযোগ (বড়াদম) সড়কে পর্যটক ও স্থানীয়দের উপস্থিতি বেশ বেড়েছে।

পর্যটকের পদচারণায় মুখর রাঙ্গামাটি-সাজেক

তবে এবারের ঈদে রাঙ্গামাটির অন্যতম নতুন আকর্ষণ সড়ক বিভাগের সওজ লেকভিউ গার্ডেন। প্রায় শত প্রজাতির ফুলের এ বাগানে পর্যটকদের থেকেও স্থানীয়রা বেশি ভিড় জমাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতেও রয়েছে ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি।

ঝুলন্ত সেতুতে কথা হয় গাজীপুর থেকে বেড়াতে আসা পর্যটক রাসেলের সঙ্গে। তিনি জানান, এর আগেও রাঙ্গামাটিতে অনেকবার ঘুরতে এসেছি। তবে ঈদের ছুটি উপলক্ষ্যে এবার প্রথমবার আসা। অন্য সময়ের চেয়ে এবার অনেক মানুষ দেখা যাচ্ছে। লম্বা ছুটির কারণে সবাই বেড়ানোর সুযোগ পেয়েছে এবং দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা না থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে।

এদিকে ঈদকে কেন্দ্র করে মেঘ-পাহাড়ের উপত্যকা সাজেক পর্যটন কেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সাজেকের ১১৮টি রিসোর্ট-কটেজ শতভাগ বুকিং বলছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। রাঙ্গামাটি শহর ছাড়াও কাপ্তাই উপজেলার রিসোর্টগুলোও প্রায় শতভাগ বুকিং বলে জানান সংশ্লিষ্টরা। ভিড় বেড়েছে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রেও।

পর্যটকের পদচারণায় মুখর রাঙ্গামাটি-সাজেক

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আমাদের মোটেলের ৮০ শতাংশ রুম বুকিং রয়েছে। ঈদের দিন থেকে পর্যটকরা রাঙ্গামাটিতে আসতে শুরু করেছে। ঝুলন্ত সেতুর পাশাপাশি সানরাইজ ইকো পার্ক ও কাপ্তাই হ্রদে বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।

পর্যটন ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টারের ব্যবস্থাপক মো. সোহেল জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় চার হাজার পর্যটক টিকিট কেটে পর্যটন ঝুলন্ত সেতুতে প্রবেশ করেছেন।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মণ বলেন, পর্যটকরা সাজেক আসা শুরু করেছেন। আমাদের রিসোর্ট-কটেজগুলো ২৮ মার্চ পর্যন্ত শতভাগ বুকিং রয়েছে। আজকে কতজন পর্যটক এসেছে তা সন্ধ্যার পরে জানাতে পারব। তবে কেউ রুম না পেয়ে থাকলে তাদের জন্যও থাকার বিকল্প ব্যবস্থা করা হবে।

আরমান খান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।