আওয়ামী লীগ কর্মীর নেতৃত্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে।
সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে কাবির মোল্লাকে কুপিয়ে জখম করেন। তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভর্তি করেন।
আহত কাবির মোল্লা বলেন, ‘তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমি এ ঘটনার বিচার চাই।’
মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব অহিদ খান বলেন, ‘পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
অভিযুক্ত পলাশ খানের মোবাইল ফোন বন্ধ পাওয়ার এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম