পাওনা টাকা চাওয়ায় চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৫ মার্চ ২০২৬

পটুয়াখালীর সদরে চায়ের দোকানের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে রহিম প্যাদা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে নিহতের স্বজনরা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টা দিকে উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. জাকের হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, আবাসন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান চালাতেন রহিম প্যাদা। স্থানীয় কয়েকজনের কাছে তার কিছু টাকা পাওনা ছিল। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে সেই টাকা চাইতে গেলে কামাল হাওলাদার ও তার সহযোগীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে রহিম প্যাদার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

নিহতের বড় মেয়ে নাজমা জানান, তার বাবাকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয় এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। বাধা দিতে গেলে তার মাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

পাওনা টাকা চাওয়ায় চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রত্যক্ষদর্শী হিসেবে নিহতের নাতনী জানায়, এর আগেও অভিযুক্তরা দোকানে এসে টাকা না দিয়ে উল্টো হুমকি দিয়েছিল। ঘটনার দিন রাতেও তারা এসে মারধর করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়।

নিহতের ছোট মেয়ে তানজিলা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার বাবার ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আমার বাবা ঢাকায় চাকরি করতেন, পরে গ্রামে এসে দোকান চালাতেন। আমরা ন্যায়বিচার চাই।

তিনি আরও দাবি করেন, হাসপাতালে নেওয়ার সময় তার স্বামীকেও মারধর করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ হাসপাতালে রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।