নড়াইলে ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল
গ্রামবাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি তুলে ধরতে নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ ঘোড়দৌড় প্রতিযোগিতা।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে নারানদিয়া রেলস্টেশন এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ঘোড়দৌড় উপলক্ষে রেলস্টেশনের আশেপাশে বসে গ্রামীণ মেলা। মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে ১২টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দেখতে মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুরা আসতে থাকে। এসময় লোহাগড়া উপজেলার নারানদিয়া রেলস্টেশন এলাকা হাজারো মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।
এসময় লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পি, খোকন সরদার, নাজমুল হুদাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও লোহাগড়া থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজুল নিলু/কেএইচকে/এমএস