বাসি-পচা খাবার, যশোরের ‘ক্যাফে নুর’ হোটেলকে লাখ টাকা জরিমানা
যশোরে বাসি-পচা খাবার বিক্রি, খাবারে অনুমোদনহীন উপকরণ ব্যবহার এবং নোংরা পরিবেশের কারণে ‘ক্যাফে নুর’ হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, সম্প্রতি যশোর শহরের আর এন রোড এলাকার ক্যাফে নুর হোটেলের বিরিয়ানি খেয়ে বেশ কয়েকজন ভোক্তা অসুস্থ হয়ে পড়ার অভিযোগ তোলেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তাদের নজরে আসে। আজ ক্যাফে নুরে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, হোটেলের ফ্রিজে বাসি খাবার ও বাসি মাংস বিক্রির উদ্দেশ্যে অত্যন্ত নোংরাভাবে সংরক্ষণ করা হয়েছে। রান্নার জায়গার ঠিক পাশেই প্রচুর পরিমাণে তেলাপোকা ঘুরে বেড়াতে দেখা যায়। পাশাপাশি রান্নায় ব্যবহারের জন্য রাখা অনুমোদনহীন ক্ষতিকর ১৪০ পিস ‘মোগলাই সেন্ট’, ‘কেওড়া জল’ ও ‘গোলাপ জল’ জব্দ করা হয়।
মিলন রহমান/এসআর/জেআইএম