তেল নিয়ে কাউকে তেলেসমাতি করতে দেওয়া হবে না: জ্বালানি মন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২৬
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেল নিয়ে কাউকে তেলেসমাতি করতে দেওয়া হবে না। আগে পাম্পে যে তেল দুদিন চলতো, এখন তা দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। এই তেল যায় কোথায়?

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‌‘আমাকে পেট্রোল পাম্প ও ডিপো পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে। কারণ মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে।’

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হোসেন, সিভিল সার্জন নুরুল আমিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মেছের আলী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলাউদ্দিন, কামারখন্দ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার এনামুল হক, বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।