নোয়াখালীর ২৮ ফিলিং স্টেশনের মধ্যে ২১টিই বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২৭ এএম, ২৭ মার্চ ২০২৬

নোয়াখালীতে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। সব ফিলিং স্টেশন বন্ধ থাকায় তেলের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে। মাইলের পর মাইল ঘুরেও তেল পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, জেলায় ২৮টির স্টেশনের মধ্যে ২১ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। চালু থাকা ফিলিং স্টেশনের মধ্যে, জেলা শহর মাইজদীতে একটি, বেগমগঞ্জে পাঁচটি, সোনাইমুড়িতে একটি রয়েছে। বাকি সব ফিলিং স্টেশন বন্ধ রয়েছে।

জেলা শহর মাইজদীতে একটি ফিলিং স্টেশনে তেল দেওয়ার খবরে সেখানে শত শত মোটরসাইকেল ভিড় করছে।

হাসান মাহমুদ নামের এক মোটরসাইকেল চালক বলেন, বেগমগঞ্জের রাজগঞ্জ বাজারে ২৪০ টাকা, থানারহাট বাজারে ৩০০ টাকা, সোনাপুর বাজারে ৩০০ টাকা করে তেল বিক্রি হচ্ছে। তার জিজ্ঞাসা, ফিলিং স্টেশনে তেল নেই অথচ খোলা বাজারে কিভাবে তেল বিক্রি হচ্ছে?

রাতুল নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, যেসব ফিলিং স্টেশন খোলা আছে, সেখানে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সংকটে মোটরসাইকেলে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন, আগে ডিপো থেকে দৈনিক দুই থেকে তিন গাড়ি তেল পাওয়া গেলেও এখন একদিন পর পর রেশনিং পদ্ধতিতে অর্ধেকেরও কম তেল দেওয়া হচ্ছে। এতে তেলের সংকট দেখা দিয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে এবং ফিলিং স্টেশনের মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জনসাধারণ যাতে নির্বিঘ্নে তেল পেতে পারে সে ব্যবস্থা অব্যাহত আছে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।