পরিচালকদের পদত্যাগে বোর্ডের কাজে প্রভাব পড়বে না: ফারুক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৭ মার্চ ২০২৬

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্লাব সংগঠকদের একাংশের দীর্ঘদিনের অসন্তোষ এবং বর্তমান কমিটির বৈধতা নিয়ে ওঠা প্রশ্নের মধ্যেই দুইজন পরিচালকের পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ মনে করেন, এতে বোর্ডের কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না। তার মতে, ব্যক্তিগত কারণে কেউ চলে গেলেও প্রতিষ্ঠান তার আপন গতিতে চলবে।

বিসিবির বর্তমান কমিটি কতদিন টিকবে—এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘আমি দুইটা পদত্যাগপত্র দেখেছি। (তারা) একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। যদি ব্যক্তিগত কারণ মনে করেন, আমি যদি কালকে না থাকি তখন আমারও কোনো ব্যক্তিগত কারণ হতে পারে। তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি...আপনি জানেন আমাদের ২৫ জন ডিরেক্টর। তারা থাকলে ভালো হতো। কিংবা না থাকলে আমার মনে হয় না যে বোর্ড চলবে না। আমার মনে হয় বোর্ডের মতো চলবে বোর্ড।’

নির্বাচনী স্বচ্ছতা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত তদন্ত কমিটি এবং আইসিসিকে সেই বিষয়ে বিসিবির অবহিত করার সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে নিজের মতামত দেন ফারুক। তদন্তের ফলাফল কী হতে পারে, এমন প্রশ্নে তিনি বেশ বাস্তবধর্মী মন্তব্য করেন। ফারুক আহমেদ বলেন, ‘যাদের চিঠি দেওয়া হয়েছে – একটা হলো সংক্ষুব্ধ পার্টি। আরেকটা হলো ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা। এটা থেকে কী ফলাফল পাওয়া যাবে, তা আমার জানা নেই। কেননা যারা আছেন তারা বলবেন সব ঠিক আছে। আর যারা নাই, তারা বলবেন সব ভুল হয়েছে।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।