যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৮ মার্চ ২০২৬
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮শ' টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১শ টাকা।

এর আগের ২৪ ঘণ্টা ২৬ মার্চ সেতু দিয়ে ৩৭ হাজার ১১০টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা। যা গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৬৮ টি যানবাহন বেশি পারাপার হয়।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে মানুষের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু করার চেষ্টা করছি৷

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।