জন্মদিনে চমক, রকস্টার লুকে ভাইরাল শাকিব খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৮ মার্চ ২০২৬
জন্মদিনে চমক, রকস্টার লুকে ভাইরাল শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার একটি লুকের দুটি ছবি ফাঁস হয়ে ভাইরাল হয়েছে। পাশাপাশি আরেকটি লুক নিজেই প্রকাশ করেছেন শাকিব খান। সেটি সিনেমাটির ফার্স্টলুক।

সিনেমাটির পরিচালক আজমান রুশো জানান, আজ (২৮ মার্চ) শনিবার শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে প্রকাশ হয়েছে ‘রকস্টার’র ফার্স্টলুক।

আজমান রুশো বলেন, ‌‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুক আমরা দেখাবো। ছবিতে শাকিব খান একজন রক মিউজিশিয়ান। তিনি নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করছি।’

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এই ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

শাকিব খান তার ফেসবুক পেজে ফার্স্টলুকটি প্রকাশ করে লিখেছেন, ‘আমার ভক্তদের জন্য জন্মদিনের স্পেশাল ট্রিট’।

সেই লুকে দেখা গেছে আধুনিক এক রকস্টার সাজের শাকিবকে। এক গোছা লম্বা চুল পনিটেইল করা। পরনে হাতা কাটা টিশার্ট ও হাফপ্যান্ট। লাল-সাদা রঙের জুতো পায়ে। আর শরীর ভর্তি ট্যাটু।


‘রকস্টার’ ছবির এই ফার্স্টলুকটি প্রকাশ করেছেন শাকিব খান 

‘রকস্টার’ ছবির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। তিনি লিখেছেন ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ সিনেমার চিত্রনাট্য।

সান কমিনিকেশন প্রযোজনা করছে ‘রকস্টার’।

‘রকস্টার’ শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলা নিশ্চিত হয়েছেন। শোনা যাচ্ছে, মূল নায়িকা সাবিলা নূর।

এদিকে গত কয়েক বছরে শাকিব খানের কাজ ও পর্দা উপস্থিতিতে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, তাতে অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন ‘প্রিন্স’ নিয়ে। সেই আশায় প্রত্যাশা অনেকটাই ম্লান বলা যায়। ছবিটি খুব একটা দর্শক টানতে পারেনি।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।