কুড়িগ্রামে জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি, প্রশাসনের জরুরি নির্দেশনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৯ মার্চ ২০২৬

কুড়িগ্রাম জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলারকে প্রতিদিন তেল বিতরণ শুরুর আগে তাদের মজুতের তথ্য দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে বোতল, ড্রাম বা অন্য কোনো কনটেইনারে করে জ্বালানি তেল বিক্রি বা সংগ্রহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

কুড়িগ্রামে জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি, প্রশাসনের জরুরি নির্দেশনা

তবে সেচ কাজে ব্যবহার অথবা সরকারি বা বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদিত বিশেষ পাসের মাধ্যমে নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া মোটরসাইকেলসহ সকল যানবাহনের ক্ষেত্রে জ্বালানি সংগ্রহের সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এসব কাগজপত্র দেখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কুড়িগ্রামে জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি, প্রশাসনের জরুরি নির্দেশনা

মোটরসাইকেলের জন্য জ্বালানি সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে কোনোভাবেই তেল সরবরাহ করা যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

জেলা প্রশাসন আরও জানায়, ফিলিং স্টেশন ও ডিলার কেন্দ্রে শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হবে। জনদুর্ভোগ এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, গণবিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। সবাইকে তা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

রোকনুজ্জামান মানু/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।