গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া

লিপসন আহমেদ লিপসন আহমেদ , সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৯ মার্চ ২০২৬

লিবিয়া থেকে নৌকায় গ্রিসে যাওয়ার পথে সাগরে পথ হারিয়ে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জের অন্তত ১০ জন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, উন্নত জীবনের আশায় প্রবাসে যাওয়ার স্বপ্ন হাওর অঞ্চলের অনেক যুবকদের। তবে সেই প্রবাস পাড়ি দেওয়ার পথটি ইতোমধ্যে অনেকেই দালালের মাধ্যমে বেঁচে নিচ্ছেন। ফলে উন্নত জীবন তো দূরের কথা সেই প্রবাসে যেতে গিয়ে কেউ মাফিয়া চক্রের পাল্লায় পড়েছেন, কেউবা কফিনবন্দি হয়ে দেশে ফিরছেন আবার কেউবা চিরতরে হারিয়ে যাচ্ছেন সমুদ্রের গভীর নোনাজলে।

সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামের ৭০ বছরের বৃদ্ধ আব্দুল গনি। ৩ ছেলে ৪ মেয়েকে নিয়ে সাজানো সংসার। তবে গণির ছোট ছেলের বায়না পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে দূর প্রবাসে পাড়ি দেবে। নিরুপায় হয়ে বৃদ্ধ বাবা ঋণ করে ১২ লাখ টাকা জোগাড় করে ছেলেকে দালালের মাধ্যমে গ্রিসে পাঠালেও সেই ছেলের মৃত্যু হয় সমুদ্রের মধ্যে। সেই শোকে কাতর হয়ে মোবাইল হাতে নিয়ে বাড়ি সামনে বসে অঝোরে কাঁদছেন বৃদ্ধ বাবা।

গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া

আব্দুল গনি জাগো নিউজকে জানান, জায়গা বিক্রি করে টাকা দিলাম। দালালকে অনেক অনুরোধ করলাম ছেলে যেন ভালো মতে পৌঁছে, কিন্তু সেটা আর হলো না। এখন একটাই চাওয়া শেষবারের মতো ছেলের নিথর দেহটা দেখতে চাই।

তবে একই গ্রামের আরও দুই যুবক কুলঞ্জ ইউনিয়নের তারপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩২), মৃত ক্বারী ইসলাম উদ্দীনের ছেলে মো. সাহান এহিয়াসহ (২২) একই উপজেলার ৫ যুবকের মৃত্যু হয়।

মূলত অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে সাগরের পথ ভুলে খাবার আর বিশুদ্ধ পানির অভাবে একে একে মৃত্যু হয় সুনামগঞ্জের দিরাইয়ের ৫, জগন্নাথপুরে ৪ ও দোয়ারা বাজার একজনসহ তিন উপজেলার ১০ যুবকের। এতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া

নিহত দিরাইয়ের এক যুবকের মামা মো. আরশাদ জাগো নিউজকে বলেন, সংসারের হাল ধরতে দালালের মাধ্যমে আমার ভাগনে গ্রিসের পথে রওনা দিয়েছিল। কিন্তু সেটা আর হলো না। গ্রিসে যাওয়ার আগেই তার মৃত্যু হলো।

নিহত মো. নুরুজ্জামান সর্দার ময়না আত্মীয় রাহুল মিয়া জাগো নিউজকে বলেন, দালালকে ১২ টাকা ঋণ করে দিয়ে আমাদের সন্তানদের মরতে হলো। আমরা এখন কী নিয়ে বাঁচবো? দালালদের শাস্তি চাই।

গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া

দিরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জাগো নিউজকে বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বিষয়টি দুঃখজনক। যারা অবৈধভাবে গ্রিস যেতে চেয়েছিল তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

লিপসন আহমেদ/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।