তালা ভেঙে তেল জব্দ, খোলাবাজারে বিক্রি
মাদারীপুরের শিবচরে দোকানের তালা ভেঙে ২৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তা খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিবচর উপজেলার শেখপুর বাজারে এই অভিযান চালান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিজেল না পাওয়ায় কৃষিকাজ ঠিকমতো করতে পারছেন না কৃষকরা। কিন্তু তেল মজুত করে রাখা হয়েছে। কৃষকদের দেওয়া এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের শেখপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স রোকান স্টোর ও মালিকের নিজবাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানের তালা ভেঙে জব্দ করা হয় ১৮ ব্যারেল জ্বালানি তেল। পরে পাশের তোনাই মোল্লার দোকানে অভিযান চালিয়ে আরও ১০ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। পরে তা খোলাবাজারে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, শিবচরে ১৫ দিন ধরে কৃষক জ্বালানি তেল পাচ্ছে না। অথচ একটি অসাধু চক্র তেল মজুত করে কৃত্রিম সংকট করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। সেখানে পাওয়া ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল সাধারণ কৃষক ও স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পরে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম