জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:২২ এএম, ০১ এপ্রিল ২০২৬

মুন্সিগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭৬ বছর বয়সি এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধার নাম মো. ওয়াহিদুজ্জামান নাঈমুল। তিনি উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম তুহিন। তিনি গজারিয়া উপজেলার সাবেক সহ-সম্পাদক ও দনিয়া কলেজ শাখার সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নাঈমুলের সঙ্গে স্থানীয় নাসিমুল-মনির গংদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি পরিমাপের জন্য তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার সময় ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

অভিযোগ উঠেছে, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও দনিয়া কলেজ শাখার সহ-সভাপতি তুহিন প্রধানের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

আহত মুক্তিযোদ্ধা জানান, তুহিন ও তার ছোট ভাইসহ একদল সন্ত্রাসী গত রাতেও তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

তিনি বলেন, অভিযুক্ত ‘তুহিন একজন চিহ্নিত অপরাধী এবং ছাত্রলীগ নেতা। সরকার পরিবর্তনের পর সে দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসে পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুভ ঘোষ/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।