বসতবাড়িতে অবৈধভাবে তেল মজুত, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়িতে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে মামুন (২৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দিনগত রাতে তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের বাবুযানী জোত এলাকায় ওই যুবকের বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাড়ির একটি কক্ষ থেকে অবৈধভাবে মজুত করা ৩২০ লিটার ডিজেল পাওয়া যায়। এসময় অভিযুক্ত মামুন ট্রাক্টরের জন্য বৈধভাবে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহের কথা বললেও এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি তিনি। এক পর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুতের বিষয়টি স্বীকার করেন। পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। রাতেই তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, এক হাজার লিটার ডিজেল অবৈধ মজুতের গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবকের বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে ৩২০ লিটার ডিজেল পাওয়া যায়। ট্রাক্টরের জন্য পাম্প থেকে কিনেছেন বললেও তিনি কোনো কাগজ দেখাতে পারেননি। সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে গিয়েও তিনি রশিদের কার্বন কপিও দেখাতে পারেননি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।।

অভিযানের সময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মনি সংকর, বিজিবির রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।