শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০২ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে মো. লাবিব নামে ৩ বছর বয়সি এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে নিজের বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে শিশুটির বাবা।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মো. লাবিব একই গ্রামের মো. সোহাগ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নানান অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাবিবের বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। সোহাগ একাধিক বিয়ে করেছেন এবং লামিয়া আক্তার ছিলেন তার তৃতীয় স্ত্রী। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে লামিয়া আক্তার তার সন্তান লাবিবকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায় শিশু লাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের নানা মো. মোজাম্মেল হক বলেন, আমার ধারণা, লাবিবকে তার বাবা হত্যা করে পালিয়েছে। তাকে আইনের আওতায় আনা প্রয়োজন।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পারিবারিক প্রতিহিংসার শিকার হয়েই শিশুটিতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে শিশুটির বাবা সোহাগ পলাতক রয়েছে।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।