জুমার খুতবা

তাকওয়া অর্জনের উপায়

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
তাকওয়া অর্জনের উপায়

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব তাঁরই; আর তিনি সম্যক অবগত, প্রজ্ঞাময়। তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ। তিনিই সেই সত্তা যাঁর কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে, আর তিনি সুউচ্চ ও মহান।

আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই; তিনি গোপন রহস্য সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আমাদের নেতা, আমাদের নবী ও মাওলা মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল, যিনি বিশ্বজগতের মনোনীত শ্রেষ্ঠ সত্তা এবং মুত্তাকি ও পুণ্যবানদের সর্দার।

লোকসকল! আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন এবং সকল কাজে তাঁকে স্মরণ রাখুন। নিশ্চয়ই জমিন ও আসমানের কোনো কিছুই তাঁর কাছে গোপন নয়। তিনি চোখের খেয়ানত এবং অন্তরের লুকানো বিষয় সম্পর্কেও অবগত। আল্লাহর ভয় বান্দার জন্য সকল পাপ থেকে রক্ষার ঢাল এবং কঠিন আজাব থেকে বাঁচার উপায়।

নবীজি (সা.) বলেছেন, আপনারা আল্লাহর আদেশ পালনের মাধ্যমে তাঁকে ভয় করুন, তাঁর ক্রোধের কারণসমূহ থেকে বেঁচে থাকুন এবং তাঁর সন্তুষ্টির অনুসরণ করুন।

তাকওয়া তিন উপায়ে অর্জিত হয়:

  • এক. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের কথা স্মরণে রাখা। তিনি তাঁর জ্ঞান দ্বারা সবকিছু পরিবেষ্টন করে আছেন; আসমান ও জমিনের কোনো কিছুই তাঁর অগোচরে নয়। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী ও সমুদ্রের সব কিছুই তিনি অবগত আছেন, তাঁর অবগতি ছাড়া বৃক্ষ থেকে একটি পাতাও ঝরে পড়েনা এবং ভূ-পৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটি দানাও পতিত হয়না, এমনিভাবে কোন সরস ও নিরস বস্তুও পতিত হয়না; সমস্ত কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। (সুরা আনআম: ৫৯)
  • দুই. আখেরাতের চিন্তা করা এবং যারা আল্লাহর আদেশ পালন ও নিষেধ বর্জন করা ছেড়ে দেয়, তাদের জন্য বর্ণিত সতর্কবাণীগুলো স্মরণ করা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, প্রত্যেকেই ভেবে দেখুক যে, আগামীকালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে। আর আল্লাহকে ভয় কর; তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে অবহিত। (সুরা হাশর: ১৮)
  • তিন. আল্লাহর ওলী ও আল্লাহভীরু ব্যক্তিদের সাহচর্যে থাকা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। (সুরা তাওবা: ১১৯)

শয়তান বিতাড়িত থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। আল্লাহ বলেন, হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল। (সুরা আহজাব: ৭০, ৭১)

আল্লাহ আমাদের জন্য ও আপনাদের জন্য কোরআনের মাধ্যমে বরকত দান করুন এবং এর হিকমতপূর্ণ বাণীসমূহ দ্বারা আমাদের ও আপনাদের উপকৃত করুন। আমার জন্য, আপনাদের জন্য ও সকল মুসলমানের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং আপনারা তাঁর কাছে ক্ষমা চান; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও দয়ালু।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।