সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় যাত্রীবাহী বাস, নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত আরও ১২-১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ নলকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শাজাহানপুর থানার গোহাইল গ্রামের আয়েছ উদ্দিনের ছেলে বাস চালক জাহাঙ্গীর আলম (৫০), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর রাকিবুল ইসলাম রকেট (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখী বেগম।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বিথী খাতুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকাগামী ‘বুশরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রোড ডিভাইডার ও ওভারব্রিজের সঙ্গে জোরে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুজনের মৃত্যু হয়।

তিনি জানান, পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নারী যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ১২-১৫ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম এ মালেক/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।