ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণকারের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৬ এপ্রিল ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ী।

রোববার (৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে গোবড়া গামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনে উপজেলার সাতৈর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকাশ কর্মকার (৪৭) উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের একজন স্বর্ণকার ব্যবসায়ী। পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার অসুস্থতায় মারা যান। তাদের একমাত্র ছেলে বিশাল কর্মকার নানাবাড়িতে থাকেন। প্রায় দুই বছর আগেও সাতৈর বাজারে তিনি একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তবে ঋণগ্রস্ত হয়ে ব্যবসা ছেড়ে ঢাকায় চাকরি নিতে বাধ্য হন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পৈত্রিক জমি বিক্রির জন্য বাড়িতে আসেন। কিন্তু ভাই ও স্বজনদের বাধার মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

স্থানীয় নাছিম ফকির জানান, বিকাশ কর্মকারের পকেট থেকে তার ভোটার আইডি কার্ড ও তার মৃত স্ত্রী ও ছেলের ছবি উদ্ধার করা হয়েছে।

সাতৈর রেলওয়ের কর্মচারী রাসেল জানান, বিকাশ কর্মকার তার সামনে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ পেয়ে তিনি সেখান থেকে সরে যান। কিন্তু বিকাশ কর্মকার হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।