সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযান দল। এ সময় ৫টি ড্রেজার জব্দ করা হয়।
সোমবার (৬ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে সীতাকুণ্ড থানার কুমিরা ও বাশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজারসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংশ্লিষ্ট মালিক পক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, বালু উত্তোলনের কারণে উপকূলীয় ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। এসব কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম মাঈন উদ্দিন/এনএইচআর/এমএস