বাসচাপায় প্রাণ গেলো ছাত্রদল নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

নাটোরের সিংড়ায় সড়ক পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদির কায়ছার নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তিনি সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের পশুচিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এসময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস উল্টো পথে বাসস্ট্যান্ড এলাকায় এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।