পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:২৬ পিএম, ১১ এপ্রিল ২০২৬

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, যারা পাওয়ার যোগ্য, কেবল তাদেরকেই কার্ড প্রদান করা হবে। এখানে ধর্ম-বর্ণ বা দল-মতের কোনো স্থান নেই।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করবেন। কার্ডধারী নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন তিন স্তরে যাচাই-বাছাই করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের চার কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের গৃহিণীকে ফ্যামিলি কার্ডটা প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড ইতোমধ্যে উদ্বোধন হয়েছে, ইনশাল্লাহ সামনের দুই-আড়াই মাসের মধ্য দিয়ে আমার সারা বাংলাদেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড আমরা উদ্বোধন করব।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। ইনশাল্লাহ আগামী দুই-আড়াই মাসের মধ্যে সারাদেশে ৫০ লাখ কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে বাংলাদেশের চার কোটি পরিবারের প্রত্যেক গৃহিণীকে এই কার্ড প্রদান করা হবে।

তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলকে প্রশাসনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ফরহাদ হোসেন আজাদ। সাম্প্রতিক কালবৈশাখী ও শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন দল বা ধর্ম বুঝে আসে না, তেমনি প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণেও কোনো পক্ষপাতিত্ব করা হবে না।

পরে প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ দুই হাজার টাকা ও এক প্যাকেট শুকনো খাবার, ১৩০ পরিবারের সদস্যদের হাতে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।

সফিকুল আলম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।