ঝিনাইদহে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৫ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১১ এপ্রিল ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনার ভিডিও ধারণে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সব আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) ঝিনাইদহ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, গত ৩১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানায় জানতে পারে, উপজেলার বাগদিয়ার আইট গ্রামে একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রথমে ভিকটিমের পরিবার বিষয়টি অস্বীকার করলেও পরে আইনি সহায়তার আশ্বাস পেয়ে ভিকটিমের ফুফু বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

এছাড়া মামলার তদন্ত সূত্রে পুলিশ জানিয়েছে, গত ২৬ মার্চ রাতে ভিকটিম তার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে প্রথমে ওই প্রেমিক তাকে ধর্ষণ করে। পরে আরও কয়েকজন এসে প্রেমিককে মারধর করে সরিয়ে দেয় এবং ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ সময় এক আসামি মোবাইল ফোনে ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে এবং বিষয়টি প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে সব আসামিকে গ্রেফতার করে।

পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রেস ব্রিফিংয়ে বলেন, ঘটনার পরে ৬ দিন পেরিয়ে গেলেও ভিকটিমের পরিবার পুলিশে অভিযোগ করেন। এরপর পুলিশের সব ইউনিট ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতার অভিযান শুরু করে। ভিকটিমের শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এম শাহাজান/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।