রাঙ্গামাটিতে বলি খেলায় চ্যাম্পিয়ন দিপু দেওয়ান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১২ এপ্রিল ২০২৬

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন দিপু দেওয়ান। গত তিনবারের চ্যাম্পিয়ন সৃজনকে হারিয়ে শ্রেষ্ঠত্ব পান তিনি।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বলি খেলা অনুষ্ঠিত হয়। এদিকে বলি খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সীর লোকজন রাঙ্গামাটি মারী স্টেডিয়ামের গ্যালারিতে এসে ভিড় জমান। এসময় দর্শকদের উচ্ছ্বাসে ভরে উঠে স্টেডিয়াম।

এবারের বলি খেলায় প্রায় ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন রাঙ্গামাটি জেলার শহরে কালিন্দীপুর এলাকার বাসিন্দা দিপু দেওয়ান। দ্বিতীয় হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সৃজন চাকমা ও তৃতীয় হয়েছে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা সুমন চাকমা। সৃজন চাকমা টানা তৃতীয় বার চ্যাম্পিয়নের রেকর্ড গড়লেও এবারে দিপু দেওয়ান তার রেকর্ড ভেঙে দিয়েছে।

খেলায় চ্যাম্পিয়ন পুরস্কারের প্রাইজমানি ১৫ হাজার টাকা ও রানার্স আপ প্রাইজমানি ১০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া খেলায় অংশগ্রহণকারীদের সবাইকে পুরস্কৃত করা হয়েছে।

রাঙ্গামাটিতে বলি খেলায় চ্যাম্পিয়ন দিপু দেওয়ান

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার ও বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যান্যরা।

চ্যাম্পিয়ন দিপু দেওয়ানের মা প্রভা দেওয়ান বলেন, ছেলেকে আমরা খেলায় অংশগ্রহণ না করতে বলেছি তার পরেও সে অংশগ্রহণ করেছে। তবে ছেলে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে।

নিজের অনুভূতি প্রকাশ করে দিপু দেওয়ান বলেন, আমি এর আগেও বলি খেলায় অংশগ্রহণ করেছি কিন্তু জিততে পারিনি। এবার প্রথম চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে। এটা খুবই আনন্দের অনুভূতি যা ভাষায় প্রকাশ করে বুঝানো যাবে না।

আরমান খান/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।