পহেলা বৈশাখে বন্ধ থাকবে বেনাপোলের আমদানি-রপ্তানি কার্যক্রম

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ সকল প্রশাসনিক কার্যক্রমও স্থগিত থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সোমবার ( ১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান।

তিনি জানান, আগামী বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চলবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পহেলা বৈশাখ মঙ্গলবার সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে এক দিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টকেও বিষয়টি জানানো হয়েছে। বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, মঙ্গলবার পহেলা বৈশাখের সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে যাতায়াতে কোনো প্রভাব পড়বে না।

মো. জামাল হোসেন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।