নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়লো মাইক্রোবাস, ঘুমন্ত বাড়ির মালিক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৯ এপ্রিল ২০২৬

মেহেরপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত মানুষের বাড়িতে মাইক্রোবাস ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ঘরের দেওয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে দেড়কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি ওই বাসের চালক ছিলেন।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস আঘাত করে। এতে বাড়ির ইটের দেওয়াল ভেঙে পড়ে আহত হন বাড়ি মালিক আরশাদ আলী। মাইক্রোবাসটি ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তায়। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে যায়। মাইক্রোবাসে গাঁজা থাকায় স্থানীয়রা আটকে রাখেন মাইক্রোবাস চালক অনিক হোসেন বিপ্লবকে। এসময় পুলিশ ঘটনার স্থলে পৌঁছালে স্থানীয়রা অনেককে পুলিশের কাছে সোপর্দ করে। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে যাওয়ার পথে মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। গাজা ও মাইক্রোবাসসহ বিপ্লবকে আটক করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করতে পুলিশ।

আসিফ ইকবাল/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।