রাস্তায় পাওয়া গেলো এসএসসি পরীক্ষার ২৬৮টি খাতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৫০ এএম, ৩০ এপ্রিল ২০২৬

নরসিংদীর শিবপুরের পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পাওয়া গেলো এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন বান্ডেল খাতা। বুধবার (২৯ এপ্রিল) ওই খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেওয়া হয় বলে জানিয়েছেন উপপরিদর্শক মাসুদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল (রোববার) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে তিন ব্যান্ডেল খাতা পড়ে থাকতে দেখেন রাহিম নামে এক যুবক। পরে ওই যুবক খাতাগুলো তুলে বাড়িতে নিয়ে যান। পরদিন এক প্রতিবেশীকে দেখালে খাতাগুলো এসএসসি পরীক্ষার বলে নিশ্চিত হন। পরে থানায় যোগাযোগ করে খাতাগুলো থানায় জমা দেন রাহিম।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, খাতাগুলো রহিম রাস্তা থেকে পেয়ে থানায় জমা দেয়। আমরা খাতাগুলো পেয়ে শিবপুর উপজেলার ইউএনওকে জানাই। পরে ইউএনও এবং ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দিই। সেখারে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার ২৬৮টি খাতা ছিল।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, খবর পেয়ে থানায় গিয়েছি। খাতাগুলো এক পোস্ট অফিস থেকে আর এক পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে ডাক পিয়নের গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। সেগুলো পুনরায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।

সঞ্জিত সাহা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।