প্রধানমন্ত্রীর সিলেট সফর শনিবার, উৎসবের আমেজে বৃষ্টির বাগড়া
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।
একদিনের সফরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ও বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় প্রধানের আগমনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে বৃষ্টির কারণে উৎসবের আমেজে কিছুটা প্রভাব পড়েছে। শুক্রবার (১ মে) দুপুর থেকে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার (২ মে) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন বলেন, রোববার (৩ মে) পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর এ সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নগরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো মেরামত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
শুক্রবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানে শনিবার (২ মে) নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সিলেট সফরে এসে বেশকিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান। এরমধ্যে উল্লেখযোগ্য পাঁচ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর দুই তীরজুড়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকা সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প। বন্যা ও ভারী বর্ষণজনিত জলাদ্ধতা থেকে নগরীকে মুক্ত করতে এ প্রকল্প নেওয়া হয়েছে।
এছাড়া বাসিয়া নদীর সদর উপজলোর মাসুকগঞ্জ বাজার থেকে সুনামগঞ্জরে জগন্নাথপুর পর্যন্ত ২৩ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ খাল পুনঃখননের মধ্য দিয়ে ৯০ হাজার কৃষক উপকার পাবেন। আর শুষ্ক মৌসুমে সেচে সুবিধায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বাড়তি ফসল উৎপাদন হবে।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ উজ্জ্বল হোসেনের সই করা সফরসূচি অনুসারে শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। সাড়ে ১০টায় হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় নগরের সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করবেন।
এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। দিনের সফর শেষে সন্ধ্যা ৭টায় বিমানে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে সিলেটের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে বলে আমরা আশা করছি।’
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে পিছিয়ে পড়া সিলেটের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মঞ্জুরুল আলম।
তিনি বলেন, সফরসূচিতে থাকা বিভিন্ন স্থান, শাহজালালের মাজারে ও কর্মসূচির ভেন্যুগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।
আহমেদ জামিল/এসআর/এএসএম