হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেফতার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর ২২ হাজার সৌদি রিয়াল চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পরিচালিত এই যৌথ অভিযানে চুরি হওয়া অর্থের বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে ওই চুরির ঘটনা ঘটে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। ঘটনার তদন্তে নেমে সিটি এসবি’র তথ্যপ্রযুক্তি সহায়তায় চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে একটি আভিযানিক দল মতলব, মুন্সিগঞ্জ ও ডেমরা হয়ে অনুসরণ করে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নাদিম নামে আরেকজনকে আটক করা হয়।
পরবর্তীতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৫০০ রিয়ালের ৩৫টি নোটসহ মোট ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া, চুরি হওয়া অর্থের একটি অংশ ভাঙিয়ে নেওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিভিন্ন ইউনিটের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শরীফুল ইসলাম/কেএইচকে/এএসএম