প্রতিমন্ত্রী মীর শাহে আলম
খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে। খেলাধুলাকে এখন পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।
শনিবার (২ মে) বিকেলে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করেন। বগুড়া প্রান্ত থেকে প্রতিমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে স্থানীয়ভাবে কর্মসূচির সূচনা করেন।
মীর শাহে আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ির মাধ্যমে যেভাবে দেশে সাংস্কৃতিক প্রতিভা তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়াঙ্গনে প্রতিভা খুঁজে পেতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু হলো। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আটটি ইভেন্টে এই প্রতিযোগিতা চলবে। এখান থেকেই আগামীর জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে।
তিনি আরও জানান, ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। ক্রীড়াকে পেশা হিসেবে নিতে সাবেক ও বর্তমান জাতীয়-আন্তর্জাতিক খেলোয়াড়দের মাসিক সম্মানি ভাতা দেওয়া শুরু হয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ‘গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সারা বছর আন্তস্কুল ও আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মাঠগুলো সচল রাখা হবে, যাতে তরুণ সমাজ মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
বগুড়ার ১২টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে মোট ১৩টি টিম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম দিনে তায়কোয়ান্ডো, দাবা, ফুটবল ও কাবাডি ইভেন্ট অনুষ্ঠিত হয়। রোববার (৩ মে) ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলবি/এনএইচআর/এমএস