শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক সুদীপ্তা সরকার এই রায় দেন।

সাজাপ্রাপ্ত কবির হোসেন রুবেল মিয়া ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান। মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, গত ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যার পর ওই শিশু নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় রুবেল মিয়া পেছন থেকে মুখ চেপে ধরে, চাকু দেখিয়ে ভুক্তভোগীকে হত্যার ভয় দেখান। পরে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং কাউকে কিছু বললে হত্যার হুমকি দেন। পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে। পরিবারের জিজ্ঞাসাবাদ করলে শিশু ঘটনার বিস্তারিত বলে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল পাঠানো হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।

এ বিষয়ে ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মামলার ৯ বছর পর আসামির উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। ময়মনসিংহে এই প্রথম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে কোনো আসামির যাবজ্জীবন সাজা প্রদান করা হলো।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।