লাউয়াছড়া বনে ঝড়ে গাছ উপড়ে সড়ক বন্ধ, ৬ ঘণ্টা পর স্বাভাবিক
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভেতর ঝড়ে একাধিক গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে করে সড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ৬ ঘণ্টা পর সড়ক থেকে গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (২ মে) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে হঠাৎ করে ঝড়ে লাউয়াছড়া বনের ভেতরের সড়কের পাশের বড় বড় কয়েকটি গাছ উপড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে পড়ে যায়। এতে করে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। এসময় সড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে গাছ অপসারণ করে সন্ধ্যা ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক করেন।
বনবিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক বলেন, শনিবার দুপুরের দিকে আকস্মিকভাবে ঝড়ো বৃষ্টিতে লাউয়াছড়া বনের ভেতরের সড়কের একাধিক স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ৬ ঘন্টা ধরে উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
এম ইসলাম/এনএইচআর/এমএস