বাণিজ্যমন্ত্রী
বিমানের নেটওয়ার্ক বাড়াতে কেনা হয়েছে নতুন ১৪ এয়ারক্রাফট
বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে সরকার বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয় করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (৩ মে) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতীয় পতাকাবাহী বিমানকে কেবল লাভজনক করাই নয়, বরং বিশ্ব দরবারে একে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে বিমানের বহরে আরও উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা যায়, রোববার রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে যাত্রা করে। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও সিলেট থেকে মোট ৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে একটি মদিনায় এবং বাকি ৬টি জেদ্দা বিমানবন্দরে যাবে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৪ থেকে ১৮ মে পর্যন্ত এসব ফ্লাইট পরিচালিত হবে।
উল্লেখ্য, এ বছর সিলেট অঞ্চলের মোট ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রীর মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে এবং বাকি ৪৬১ জন ঢাকা হয়ে সৌদি আরব যাবেন।
আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের কার্যক্রম উদ্বোধন করতে রোববার রাত সাড়ে ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
আহমেদ জামিল/কেএইচকে/এমএস