চালককে মারধর, মেহেরপুর-চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট
বাসের চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুর-চুয়াডাঙ্গা আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৪ মে) সকাল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি কোনো বাস।
রোববার প্রশাসনের সঙ্গে বৈঠকের পরও মেলেনি কোনো সমাধান। রাতে শ্রমিকদের সঙ্গে বসে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান শ্রমিক নেতারা।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা জানান, রোববার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিরোধ বাধে। এসময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন। এই মারধরের প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।
তিনি আরও জানান, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তিনি।
মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, প্রশাসনের সঙ্গে বসে আজ এর সুষ্ঠু সমাধান চান তারা। সমাধান না হলে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। তাতেও সমাধান না হলে প্রয়োজনে দূরপাল্লার পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকরা।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম