আদালত থেকে হাতকড়াসহ পালালো মাদক মামলার আসামি
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ শাহীন নামে মাদক মামলার এক আসামি পালিয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এসময় সজল নামে আরেক আসামিকে ধরে পুলিশে দিয়েছে উপস্থিত জনসাধারণ।
শাহীন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার মৃত জালাল মিয়ার ছেলে ও সজল একই এলাকার হাসেম মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে আটক করা হয়। পরে মাদক মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। তবে আদালতে তোলার আগেই তারা দুইজন পালানোর চেষ্টা করে। এর মধ্যে শাহীন হাতকড়াসহ পালিয়ে যায়। আর উপস্থিত জনসাধারণের সহায়তায় অপর আসামি সজলকে আটক করা হয়। পালিয়ে যাওয়া আসামি শাহীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস